চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬টার দিকে নাচোল-নওগাঁ সড়কের বেনিপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল-নওগাঁ সড়কের বেনিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নাচোল থানার ওসি সুকোমল দেব নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জিসান ও সোহাগ মোটরসাইকেলযোগে আজিপুর হতে ধানসুরা যাওয়ার পথে বেনিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights