চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি করে পালানোর সময় মারধরে দুইজন নিহত
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় জনতার মারধরে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জামবাড়ীয়া কলেজ সংলগ্ন কলমুগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ছোট জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর কামার পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইয়াকুব (২২) ও আলমগীর (২৫)।
জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে চার্জার ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে পালানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, এসময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে আলমগীর ও ইয়াকুব। পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জামবাড়িয়ায় চারজন ছিনতাইকারী ছিনতাই করছিলেন। এ সময় এলাকাবাসীর মারধরে দুইজন নিহত হয়েছেন। বাকি দুইজন পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
