চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় চোরাই ফোনের জমজমাট ব্যবসা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। একশ্রেণির অসাধু মোবাইল ফোন ব্যবসায়ী ও সার্ভিস সেন্টারের মালিকরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর এই সব ফোন কিনে বিপদে পড়ছেন ক্রেতারা।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার, কানসাট বাজার, মনাকষা বাজার, রানীহাটি বাজার, ছত্রাজিৎপুর বাজার, ঘোড়াপাখিয়া বাজার, সদর উপজেলার মহারাজপুর, রামচন্দ্রপুর হাট, মেলার মোড়, বারঘরিয়া বাজার, শহরের সেন্টু মার্কেট, মহিপুর বাজার, নাচোল উপজেলার নাচোল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোবাইল ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ভারতীয় চোরাই ও পুরাতন মোবাইল ফোন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে। এ ছাড়া সীমান্ত এলাকাগুলোতেও চোরাই মোবাইল বেচাকেনা চলছে। এসব মোবাইল ফোন সবচেয়ে বেশি বেচাকেনা হয় জেলার শিবগঞ্জ ও কানসাটে।
একটি সূত্র জানায়, কানসাট, শিবগঞ্জ ও সেন্টু মার্কেটের কয়েকজন সিন্ডিকেট গড়ে তুলে ভারতীয় এই সব মোবাইল ফোন সীমান্ত পার করে এনে বেচাকেনা করছে। মাঝেমধ্যে বিজিবি সীমান্ত এলাকাসহ শিবগঞ্জ ও কানসাট হতে চোরাই মোবাইল ফোন আটক করলেও বন্ধ হয়নি এই ব্যবসা।
সূত্রমতে, ভারতের বিভিন্ন রাজ্যে ছিনিয়ে ছিনতাই করা অথবা বিভিন্ন শোরুমে চুরি হওয়া মোবাইল ফোনগুলো সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এনে বেচাকেনা চলছে। অভিযোগ রয়েছে কতিপয় মোবাইল ফোন ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে চোরাই ফোনের ব্যবসা চালিয়ে আসছে।
এদিকে, এসব চোরাই মোবাইল ফোন কিনে যেসব গ্রাহক ভারত যাচ্ছেন তারা সেখানে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি দিনরাত কাজ করছে এবং বিজিবির তৎপরতার কারণেই চোরাই মোবাইল ফোনসহ মাদকদ্রব্য আটক করা সম্ভব হচ্ছে।
