চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি ওদুদসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদসহ ৪৮ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলার আবেদন করা হয়েছে।
শুক্রবার মামলাটি দায়ের করেছেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কালীতলা গ্রামের শিক্ষার্থী ইউসুফ আলী।
মামলায় ওদুদ ছাড়াও জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, আওয়ামী লীগ নেতা মহারাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজন, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, সাবেক মেম্বার ও বিএনপি নেতা আল আমিনসহ ২৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগষ্ট মামলার বাদিসহ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের শান্তিমোড় এলাকায় আসার সময় আসামিরা তাদের ওপর হামলা চালায়। সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মামলার আবেদনটি গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
