চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিএনপি নেতা চাঁদের তিন বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।

রবিবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলে। তিনি ১৩ জনের কাছে থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। ২০০৭ সালে চারঘাট উপজেলার চকগোচর এলাকার মাসুদ রানা এ নিয়ে মামলা করেন। সেই মামলায় আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলিম উদ্দিন ও ওয়াজ নবীকে খালাস দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, ‘এ মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত না। এ মামলায় অন্য দুজন শিক্ষকও অভিযুক্ত ছিলেন। এটি একটি ভোকেশনাল স্কুলের নিয়োগের মামলা। এখানে তার কোনো সই-সাক্ষ্য কিছুই ছিল না। তিনি চেয়ারম্যান ছিলেন এটাই তার অপরাধ। এজন্যই তাকে সাজা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights