চাকুরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে ইকবাল স্কুলের সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা
আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর ইকবাল হাই স্কুলের সাবেক সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবি
দুলাল ও প্রধান শিক্ষক সেলিমা সুলতানার বিরুদ্ধে চাকুরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে
পৃথক দুটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
গত ১৯ আগস্ট দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মো. মাসুদ রানা(৪৮) ও
মো. গোলাম মোরশেদ(৪৭) নামে দুই ব্যক্তি বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন ।
মামলার বিবরণী থেকে জানা যায় ইকবাল হাই স্কুলের সাবেক সভাপতি গোলাম নবি দুলাল ও প্রধান
শিক্ষিকা সেলিমা সুলতানার বিরুদ্ধে অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার নাম করে পৃথক দুই প্রার্থীর
কাছ থেকে ৭ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। আসামীরা বিভিন্ন সময়ে বাদী মো.
গোলাম মোরশেদ এর কাছ থেকে অফিস সহায়ক পদের জন্য ৪ লক্ষ টাকা ও মো. মাসুদ রানা এর কাছ থেকে
নৈশ প্রহরী পদের জন্য ৩ লক্ষ টাকা গ্রহণ করেন। অতঃপর অতিসত্বর চাকরিতে যোগদান করা হবে বলে বাদীকে
জানান তারা। কিন্তু আসামিদ্বয় তাদের চাকরি দিতে পারেননি। ফলে বাদী নিরুপায় হয়ে গত ২৩/০৬/২০২৪
ইং তারিখ আনুমানিক ১১টায় উক্ত টাকা ফেরত চাইলে আসামিদ্বয় টাকা দিতে অস্বীকার করেন এবং
সাক্ষীদের সামনে বলেন যে আমরা ক্ষমতায় আছি। কেউ যদি টাকা তুলতে আসে তাকে জীবনে মেরে
ফেলবো বলে হুমকি দেয়। এরপর বাদী বিভিন্নভাবে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলেও আসামিদ্বয় টাকা ফেরত
দেয়নি। উক্ত টাকা ফেরত না দিয়ে বাদীর প্রতি বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎ করায় বাঃ দণ্ডবিধি
আইনের ৪০৬/৪০২/৫০৬ (১১) ধারায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদ্বয়ের বিরুদ্ধে
গ্রেফতারি পারওয়ানা ইস্যু করার দাবি জানান মামলার বাদী।
উল্লেখ্য গোলাম নবি দুলাল গত পনেরো বছর থেকে ইকবাল হাইস্কুলে সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা গত এক যুগ ধরে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন
করে আসছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত
আছেন।
