চাটখিলে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে দুইটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন চাটখিল সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী।
অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন প্রকার অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমটি সিলগালা করে দেওয়া হয়।
অন্যদিকে, চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে রোগী ভর্তি রাখার কক্ষগুলোও সিলগালা করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
