চাপাইনবানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।
নিহতরা হলো চরচাকলা গ্রামের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নিজামুদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, এ এলাকায় এ ধরনের দুর্ঘটনা এই প্রথম। পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতদের দাফনের জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।
