চার ওভারে কোনও রান না দিয়ে ৩ উইকেট, ইতিহাসের পাতায় ফার্গুসন

অনলাইন ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সৃষ্টি হলো এক অনন্য বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য বোলিংয়ে নজির গড়লেন নিউজিল্যান্ডের পেস বোলার লকি ফার্গুসন। নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যকার নিয়ম রক্ষার ম্যাচে এই নজির গড়লেন তিনি। চার ওভার হাত ঘুরিয়ে চারটিই মেডেন নিলেন ফার্গুসন। সেই সঙ্গে তার ঝুলিতে তিনটি উইকেট।

এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর কানাডার সাদ বিন জাফর পানামার বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪টি মেডেন নিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন এটিই ছিল সর্বোচ্চ ডট বল করার রেকর্ড। লকি ফার্গুসন নতুন নজির গড়লেন সোমবার (১৭ জুন)।

অথচ ফার্গুসন মাঠে নামার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এদিন সকালেই গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান শাকিব। নেপালের বিপক্ষে ২১ টি ডট বল করেছিলেন তিনি। সেই রেকর্ড ২৪ ঘণ্টাও টিকল না। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে নতুন নজির গড়লেন ফার্গুসন।
ফার্গুসনকে এদিন খেলতেই পারেননি পাপুয়া নিউগিনির ব্যাটাররা। তার এই স্বপ্নের স্পেলে তিনটি উইকেট নেন লকি। আসাদ ভালা, চার্লস আমিনি ও সোপারের উইকেট নেনঈএঈ কিউই বোলার। পঞ্চম ওভারে তার হাতে বল তুলে দেওয়া হয়।

প্রথম বলেই লকি ফার্গুসন উইকেট পান। আসাদ ভালাকে স্লিপে তালুবন্দি করেন ডারিল মিচেল। পরবর্তী ওভার গুলোয় ফার্গুসন ক্রমাগত লাইন ও লেন্থের পরিবর্তন করে পাপুয়া নিউগিনির ব্যাটারদের বিব্রত করতে থাকেন। চার্লস আমিনিকে এলবিডব্লিউ করেন লকি। সোপারকে বোল্ড করেন তিনি। অসামান্য এক কীর্তি তৈরি করলেন লকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights