চার বিভাগে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকবে অব্যাহত

অনলাইন ডেস্ক

চার বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার (৫ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রবিবার সকাল থেকে সোমবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত এবং বুধবার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচদিনের শুরুর দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights