চার বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি

অনলাইন ডেস্ক

৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসের সিদ্ধান্ত জানাল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার এক বিজ্ঞপ্তিতে চার বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।

এমন পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে তথ্য উপস্থাপন করছে।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮-১৯ মে’র মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়সমূহ সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষার পরিবর্তিত শিডিউল শিগগির জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

৪৪, ৪৫ ও ৪৬তম নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে সব বিসিএস প্রার্থীর উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণের জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সময়ে সময়ে নেওয়া সিদ্ধান্ত জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) নিয়মিত দৃষ্টি রাখার পাশাপাশি ওই ওয়েবসাইটে দেওয়া তথ্যকেই একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights