চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের কারণে প্রায় চার মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা-এর ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। দীর্ঘ অনিশ্চয়তার পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের পর নিজ নিজ গন্তব্যে রওনা হন নাবিকরা।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে বিমানে যাত্রা করে তারা দেশে ফিরেছেন। জাহাজে কর্মরত নাবিকদের পর্যায়ক্রমে দেশে ফেরানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ১৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, দেশে ফেরা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। তাদের স্থলে দায়িত্ব পালনের জন্য নতুন ১৭ জন নাবিক ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে এমভি বাংলার জয়যাত্রা-এ যোগ দিয়েছেন।

বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, জাহাজটি বর্তমানে নির্ধারিত বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরবর্তী পণ্য খালাস ও বোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে এটি ডারবান বন্দর ত্যাগ করবে। এরপর জাহাজটির সম্ভাব্য গন্তব্য মালয়েশিয়া। সেখানে পৌঁছানোর পর জাহাজে থাকা অবশিষ্ট ১৪ বাংলাদেশি নাবিক দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় সমুদ্রে দায়িত্ব পালন, যুদ্ধ পরিস্থিতিজনিত অনিশ্চয়তা এবং মানসিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়েই প্রথম ধাপে ১৭ জনকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের শারীরিক ও মানসিক সুস্থতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার পর এমভি বাংলার জয়যাত্রাসহ ওই অঞ্চলে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত হয়। ফলে জাহাজটির বাংলাদেশি নাবিকদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় সমুদ্রে অবস্থান করতে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম দফায় ১৭ নাবিকের দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছে তাদের পরিবার ও বাংলাদেশ শিপিং করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights