চার শতাধিক শিশু হত্যার দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি

অনলাইন প্রতিবেদক

‎সারাদেশে হাম মহামারীতে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার সকালে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবির ঢাকা মহানগর উত্তর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ‎সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে আগামী ১৯ মে’র মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। এসময় বক্তারা হামে চার শতাধিক শিশু হত্যার দায়ে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের বিচার দাবি করেন।

এসময় সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তথ্য বের হচ্ছে, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তারা নাকি ৪১ হাজার চারশো ৭ কোটি টাকা রেখে গিয়েছিল স্বাস্থ্য খাতে। তাহলে টিকা কিনতে তো অসুবিধার কথা না। কিন্তু তা হলো না কেন? কারণ উনি (ড. ইউনূস) ব্যস্ত ছিলেন গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোন দিয়ে কিভাবে সরকারের থেকে আরও সুবিধা নেওয়া যায়। তিনি বেশি ব্যস্ত ছিলেন নিজের ট্যাক্স ফাঁকি মওকুফ, নিজের নামে অনিয়ম ও মামলা কিভাবে প্রত্যাহার করা যায় এবং কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায় তা নিয়ে।’

তিনি আরও বলেন, ‘নূরজাহান নামে একজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পত্রপত্রিকায় দেখলাম, তিনি নাকি তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তারা ইউনিসেফের টিকা কেনেননি। সাংবাদিকরা এর কারণ খুঁজে বের করেছে। এখন শোনা যাচ্ছে- ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে নাকি কমিশন পাওয়া যেত না, তাই কেনেনি। আমি ধিক্কার জানাই এবং এই সরকারের কাছে দাবি করি, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা সরকারের কড়া সমালোচনা করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগীব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ‎কমরেড মিহির ঘোষসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights