চালককে বেঁধে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে চালকের হাত-মুখ বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন ওই চালক।

ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক সেলিম হোসেন (৪২) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের ন্যায় সেলিম হোসেন বাড়ি থেকে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্য বের হন। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছন থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কার ইজিবাইকের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেট কার থেকে ৪ জন ছিনতাইকারী নেমে ইজিবাইক চালক সেলিমের হাত-মুখ বেঁধে গাড়িতে তোলে। এরপর সেলিমের ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গাড়ি থেকে সেলিমকে হাত, মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের জলাশয়ে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা চালক সেলিম হোসেনকে উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি। অভিযুক্তদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights