চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জেলি মিশ্রিত ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে মো. আরিফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ঝলমলিয়া এলাকার মৃত জলিল মন্ডলের ছেলে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বলা হয়, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
