চিকিৎসা সাধারণ পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত : জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি সাধারণ পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। তাই নবীন চিকিৎসকদের মানবিক গুণাবলিসম্পন্ন ও সহমর্মী হয়ে দেশের অবহেলিত ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

রবিবার যশোর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার আধুনিক হাসপাতালের অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর। বিগত ১৭ বছর ধরে স্থবির হয়ে থাকা এই অঞ্চলের স্বাস্থ্য খাতের চাকা বর্তমান সরকারের আমলে সচল হয়েছে। যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি, যা এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানসম্মত প্রাকটিক্যাল শিক্ষার পথ সুগম করবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী অমিত বলেন, আপনারা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে মেধার স্বাক্ষর রেখে আজ এখানে পড়ার সুযোগ পেয়েছেন। আপনাদের শুধু ভালো ডিগ্রিধারী চিকিৎসক হলেই চলবে না, বরং দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে একজন ভালো মানুষ হতে হবে। শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং প্রতিনিয়ত নিজেদের দক্ষতাকে সমৃদ্ধ করতে হবে।

ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডা. মেজবাউর রহমানের সভাপতিত্বে এবং ড্যাব খুলনা বিভাগীয় সহ-সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার আবু হাসানাত আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights