চিরিরবন্দরে সরকারি ধান ক্রয়ে ৪৫৬ কৃষক নির্বাচিত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত অনলাইন লটারির মাধ্যমে সুবিধাভোগী কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে ৪৫৬ জন কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১,৩৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অনলাইনে মোট ১,৪০৯ জন কৃষক আবেদন করেন। সেখান থেকেই উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের চূড়ান্ত করা হয়।
লটারির কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতোয়ার রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায়।
আরও উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা মাহাফুজার রহমান, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা।
