চীনে শক্তিশালী টাইফুন নউলের প্রভাবে ভারী বৃষ্টি
অনলাইন ডেস্ক
শক্তিশালী টাইফুন নউলের প্রভাবে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিরাপত্তার জন্য সাত লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার (২৬ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদংয়ের উপকূলে টাইফুনটি আঘাত হানে বলে জানিয়েছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। হংকং অবজারভেটরির তথ্যমতে, টাইফুনটির কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। স্থলভাগে প্রবেশের পর এটি ধীরে ধীরে দুর্বল হলেও দক্ষিণ গুয়াংডংয়ের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কে গাছপালা ও নানা ধরনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঝোড়ো হাওয়ায় ছোট ছোট স্থাপনাসহ একটি বাস্কেটবল পোস্টও ভেঙে পড়েছে।
টাইফুনের প্রভাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা-যাওয়ার অন্তত ৩৫০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে।
পরিস্থিতির অবনতির কারণে হংকংয়ে রাতভর দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত ‘টি-৯’ জারি ছিল। তবে রবিবার সকালে সেটি কমিয়ে ‘টি-৮’ সতর্ক সংকেত কার্যকর করা হয়। হংকং অবজারভেটরি জানিয়েছে, ‘নউল’ ধীরে ধীরে গুয়াংডংয়ের অভ্যন্তরীণ এলাকায় অগ্রসর হচ্ছে এবং ক্রমেই দুর্বল হচ্ছে। তবে এখনও হংকংয়ের অনেক এলাকায় দমকা হাওয়া বইছে এবং উঁচু স্থানে মাঝেমধ্যে ঝড়ো বাতাসের দাপট অব্যাহত রয়েছে।
হংকং সরকার জানিয়েছে, ১০০টির বেশি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে এবং অন্তত ৯ জন আহত হয়েছেন টাইফুনের কারণে।
