চুয়াডাঙ্গায় বাড়তি দামে সার বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়তি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে বিএডিসির এক সার ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার উথলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিনষ্ট করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জীবননগরের উথলী বাজারে অভিযান পরিচালনাকালে বিএডিসির স্থানীয় ডিলার মেসার্স জহির ট্রেডার্সে গিয়ে বাড়তি মূল্যে সার বিক্রির প্রমাণ মেলে। তিনি এক হাজার ৩৫০ টাকা বস্তা মূল্যের টিএসপি সার এক হাজার ৯৪০ টাকায় বিক্রি করেছেন। একই সাথে তার দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানের জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights