চুয়াডাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডির ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে মেলে ধরতে এবং উৎকর্ষ সাধনে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও প্রতিভা অন্বেষণ করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বালক ও বালিকাদের জন্য আয়োজন করেছিল মনমুগ্ধকর ও জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতার।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আজ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজন চুয়াডাঙ্গাবাসীসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কলাকুশলীরা এবং চুয়াডাঙ্গা কাবাডি অ্যাসোসিয়েশনের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাবৃন্দ প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা প্রদানের মাধ্যমে এই আয়োজনকে অনন্য উচ্চতায় মেলে ধরেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় (বালক ও বালিকা) অংশগ্রহণকারী মোট দলের সংখ্যা ছিল ৮টি এর মধ্যে বালক ৪টি ও বালিকা ৪টি।
গত ১৭ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বর্ণাঢ্য এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই খেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ। কাবাডি মানুষকে একত্রিত করার এবং মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দের বোধ জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। শারীরিক ও মানসিক ভারসাম্য প্রতিষ্ঠায় কাবাডি খেলার অন্যবদ্য ভূমিকা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় খেলাটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের পতাকা উত্তোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চুয়াডাঙ্গার যুব সমাজকে কাবাডি খেলার সাথে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

বালিকাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে চুয়াডাঙ্গা সদর থানা ৩৫-১২ পয়েন্টে আলমডাঙ্গা থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বালক গ্রুপে দামুড়হুদা মডেল থানা ২৭-০৯ পয়েন্টে চুয়াডাঙ্গা থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সর্দার আলামিন, বিশিষ্ট সমাজসেবী শাহ আলম সনি, জেলা ক্রীড়া কর্মকর্তা আমান উল্লাহ আহমেদ, জেলা লাইব্রেরিয়ান মাসুদ রানা, চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাচ উদ্দিন সুজন। আরও উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অথ), নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলে), জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), ডিআইও-১, অফিসার ইনচার্জ, সদর থানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও খেলোয়াড়গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights