চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে পুশইন চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোররাতে এদের পুশইনের চেষ্টা করে ভারতীয় ৩২ বিএসএফ সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রবিবার ভোররাত ৩টা ১০ মিনিটের সময় ভারতীয় ৩২ বিএসএফ’র মেতেরী ক্যাম্প সদস্যরা একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭০-২-এস পিলার বরাবর গেইট দিয়ে এদের ঠেলে পাঠানো হয়। বিষয়টি বাংলাদেশের মাধবখালী বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) টহলদলের নজরে আসে। সাথে সাথে তারা তা প্রতিহত করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ভারত অভ্যন্তরে নিয়ে যায়।
বিষয়টি ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক।
