চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ছিনতাই বন্ধ, মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারের দাবিতে ২য় দিনের মতো শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন ব্যবসায়ীরা। রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের সকল ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে, শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করায় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রীদের জেলার দূরদূরান্ত থেকে ঈদের বাজার করতে এসে পড়তে হয় বিড়ম্বনায়। ব্যবসায়ী নেতৃবৃন্দের অভিযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সংঘটিত হলেও পুলিশ কোন ভূমিকা পালন করছে না। ফলে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। অবিলম্বে চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। এর আগে শনিবার শহরের প্রধান সড়কটি অবরোধ করে রাখেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
গেজেট হবিগঞ্জের স্বত্ত্বাধিকারী আরাফাত চৌধুরী জানান, আমার দোকানে এ পর্যন্ত তিনবার চুরি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি কয়েকদিনের ব্যবধানে তিনবার চুরি হয়। তাহলে আর কিভাবে ব্যবসা করব? হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, চুরি বন্ধে পুলিশের টহল শক্তিশালী করা হবে। তিনি দোকানপাট ও মার্কেটগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারাদার নিয়োগের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।
