চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৫-২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

রবিবার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে নোয়াখালী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

স্থানীয় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঁঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। আনুমানিক ৫০টি দোকান আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি ১৫-১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights