চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে আসন্ন টুর্নামেন্টটি। আসরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তবে মূল পর্বের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নাজমুল হোসেন শান্তরা।

আইসিসির যে কোনো প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারী দলগুলো সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে না, এমন দলের বিপক্ষেই মূলত প্রস্তুতি ম্যাচ খেলা হয়। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেক দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে না।

ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি শেষ করেছে। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষে সরাসরি মূল পর্বে নামবে বাবর আজমরা।

অন্যদিকে, আফগানিস্তান ও বাংলাদেশের মতো দলগুলো মাঠের প্রস্তুতির যথেষ্ট সুযোগ পায়নি। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছে গত ডিসেম্বরে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা একটি মাত্র ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডেরও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

পাকিস্তান নিজেদের কোনো প্রস্তুতি ম্যাচ না খেললেও তিনটি পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিন্‌স) তৈরি করেছে। তারা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এছাড়া নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচই হবে দুই পূর্ণ সদস্য দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

লাহোর, করাচি ও দুবাইয়ে হবে সব প্রস্তুতি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচের সম্পূর্ণ সূচি:
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্‌স বনাম আফগানিস্তান (লাহোর)
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (করাচি)
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্‌স বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্‌স বনাম বাংলাদেশ (দুবাই)*
(সব ম্যাচ দিবারাত্রীর হবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights