চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্যে রাতেই উড়াল দিচ্ছে টাইগাররা

অনলাইন ডেস্ক

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই আসরের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। অনেকেই শুরু করেছে অনুশীলনও। গত কয়েক দিন মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।

গতকাল সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।” একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে তিনি বলেন, “আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, সবাই কোয়ালিটি টিম। আমাদের দলেও সেই সামর্থ্য আছে, আমি বিশ্বাস করি। কেউ বাড়তি চাপ অনুভব করবে না। সবাই মনেপ্রাণে চ্যাম্পিয়ন হতে চায় এবং নিজেদের সামর্থ্যে বিশ্বাস করে।”

তিনি আরও বলেন, “আমাদের ভাগ্যে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। তবে আমরা কঠোর পরিশ্রম করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকেই বিশ্বাস করি, লক্ষ্যে পৌঁছাতে পারব।”

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে। এছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্তর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights