ছয় বছরের দাম্পত্যের ইতি টানলেন ইমাদ ওয়াসিম
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আবারও বিপিএলের আলোচনায় আসলেন ব্যক্তিগত কারণে। ঢাকার হয়ে এবারের আসরে খেলছেন ইমাদ, যেখানে ঢাকার প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে তার দারুণ বোলিংয়ে তিন উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ম্যাচের পরের দিনই চমকপ্রদ খবর এল স্ত্রী শানিয়া আশফাকের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটাতে যাচ্ছেন তিনি।
৩৭ বছর বয়সী ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে একটি ব্যক্তিগত বার্তায় জানিয়েছেন, তিনি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে এবং পুরোনো দম্পতির ছবি শেয়ার বা ব্যবহার না করার।
ইমাদ লিখেছেন, ‘অনেক ভেবে এবং গত কয়েক বছরে বারবার এমন দ্বন্দ্বের মুখোমুখি হওয়ার পর, যেগুলোর সমাধান সম্ভব হয়নি, আমি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছি। সবাইকে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে এবং কোনো বিভ্রান্তিকর গল্পে বিশ্বাস বা তা ছড়ানো থেকে বিরত থাকতে।’
তিনি আরও বলেছেন, ভবিষ্যতে সানিয়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করা হোক এবং এই বিষয় নিয়ে কোনো জল্পনা বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুক। ইমাদ জানিয়েছেন, এই ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে হেয় করা বা অন্যদের জড়ানোর চেষ্টা হলে প্রয়োজন হলে আইনি পথে মোকাবিলা করা হবে।
এছাড়াও তিনি সন্তানদের বিষয়েও কথা বলেছেন এবং একজন বাবা হিসেবে নিজের দায়িত্ব পুনর্ব্যক্ত করেছেন, ‘সন্তানদের ব্যাপারে আমি তাদের বাবা হিসেবেই থাকব এবং পূর্ণ দায়িত্ব ও যত্ন নিয়ে তাদের দেখভাল করব।’
উল্লেখ্য, ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। বাঁহাতি স্পিনার ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৯৮৬ রান করার পাশাপাশি ৪৪ উইকেট নিয়েছেন, আর টি-টোয়েন্টিতে ৫৫৪ রান এবং ৭৩ উইকেট শিকার করেছেন।
