ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা খুন, গ্রেফতার ৪

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে জুলেখা (৬৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে সুজন (৩৭) বাদী হয়ে মামলা করলে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুলেখা ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আ. ওয়াহাব (৬৮), মোফাজ্জল হোসেন (৬০), দেলোয়ার হোসেন (৩৭) ও ফরিদা খাতুন (৫৩)।
জানা যায়, একই বাড়ির আব্দুল ওয়াহাবের ছাগল জুলেখার শিম গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে বাদী পক্ষের জুলেখা (৬৫), আবু সাঈদ (৬০), জুলেখা (৪০) ও জহুরা (৩২) এবং বিবাদী পক্ষের কমলা খাতুন (৩০) ও ওয়াসিফ বিল্লাহ (৩৪) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলেখাকে (৬৫) মৃত ঘোষণা করেন। আর বাকিদের উন্নত চিকিৎসার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার বিকালে ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights