ছাত্রদল নেতা হামিমের উদ্যোগে ঢাবিতে ইফতার ও তিলাওয়াত প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইফতার উইথ হামিমকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমে উঠল রমজানের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিমের উদ্যোগে টিএসসি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। ইফতার উইথ হামিম কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ও দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেম ড. এনায়েত উল্লাহ আব্বাসী।

আয়োজক সূত্রে জানা যায়, চলতি রমজানে তানভীর বারী হামিমের নেওয়া তিনটি কর্মসূচির একটি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। অন্য দুটি হলো সেহরি উইথ হামিম ও ইফতার উইথ হামিম। এর ধারাবাহিকতায় ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১৩টি হলে পর্যায়ক্রমে সেহরির আয়োজন এবং আগামী ১ মার্চ সবাইকে নিয়ে ইফতারের আয়োজনের ঘোষণা দেন তিনি।

প্রতিযোগিতা নিয়ে তানভীর বারী হামিম বলেন, ফ্যাসিবাদের আমলে কোরআন তিলাওয়াতকে কেন্দ্র করে বটগাছকে শোকজ করা হয়েছিল। তারই প্রতিবাদে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে গত বছর প্রথম এ আয়োজন করেন। শিক্ষার্থীদের আগ্রহ থেকেই এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, কোনো ধর্মই বিদ্বেষের বাণী ছড়ায় না, সব ধর্মই শান্তি ও সত্যের বার্তা দেয়। ধর্মকে পুঁজি করে যারা অধর্ম করে তারা হারিয়ে যায়। রোজার মাসে সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

ইফতারের আগে দোয়া পরিচালনা করেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী। এসময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights