ছাত্রদের ওপর হামলা, জামিন নিতে গিয়ে কারাগারে ছাত্রলীগ নেতা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তিনি জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া জুড়ী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলার আসামি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল।

মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া জানান, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইনের আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ মিছিলে সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন। বাড়ি জুড়ীতে হওয়ায় তিনি প্রভাবও খাটান বেশি।

মৌলভীবাজার কোর্ট পুলিশের জিআরও সুমন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights