ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণায় জাবিতে আনন্দ মিছিল

জাবি প্রতিনিধি

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা এ মিছিলটি বের করেন। এতে হলটির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে থেকে শুরু হয়ে হলের ভেতরের দ্বিতীয় তলার ছাত্রলীগের তথাকথিত ব্লক হয়ে শহীদ রফিক জব্বার হল ও বিশ্বকবি ঠাকুর হল সংলগ্ন চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে সেখানে তারা শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও মিষ্টি বিতরণ করেন।

আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে’, ‘হৈ হৈ রই রই, ছাত্রলীগ গেলি কই’ ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল বলেন, ছাত্রলীগকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের ওপর গত ১৪ জুলাই নির্মম হামলা চালায়। এমনকি তারা উপাচার্যের বাসভবনের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। আমরা শুধু ছাত্রলীগ নয়, ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাইমুল ইসলাম বলেন, গত ১৪ জুলাই রাতে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিবাদ করায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থীর ওপর নির্যাতন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও, তারা বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করতো। এ সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা করেছে। এজন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা সবাই আনন্দিত।

ছাত্রলীগের পাশাপাশি গণহত্যা-হামলায় জড়িত আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চঞ্চল দাস, গণিত বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights