ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ: কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলার অভিযোগ ওঠা বিজ্ঞান বিভাগের সেই সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে কর্মবিরতিতে রাখা হয়েছে। এ ছাড়া অভিযোগের বিষয়ে তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানমকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।
তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
টুঙ্গিপাড়া ইউএনও দিদারুল আলম বলেন, যেহেতু বালিকা বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ কর্মবিরতিতে রাখা হয়েছে। এ ছাড়া অভিযোগের বিষয়টি তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটা শিক্ষা অধিদফতর মহাপরিচালক বরাবর পাঠানো হবে। তখন আশা করি তিনি অভিযুক্ত শিক্ষক ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলাসহ বিভিন্ন অভিযোগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম ঘটনাস্থলে পৌঁছান। তখন তাদের আশ্বাসে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরে শিক্ষার্থীরা।
