‘ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায়’ দুই শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীচরে ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাঈম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহ’র ছেলে। একই এলাকার আলাউদ্দিনের ছেলে মোহন। তারা দুইজনেই রেকসিনের লেডিস ব্যাগ তৈরির কারখানার শ্রমিক ছিলেন।

এসআই মুছা জানান, শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সংবাদ পেয়ে কামরাঙ্গীচর কয়লাঘাঁট শহিদুল্লাহর বাড়ী সাধন ভিলার নিচতলার কক্ষ থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার মধ্যরাতে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ওই কারখানায় ছারপোকা মারার বা তাড়ানোর জন্য রুমের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুর একটার দিকে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙে দেখতে পান নাঈম ও মোহন তোশকের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে সংবাদ দেন তারা। ছারপোকা তাড়ানোর ওষুধের বিষক্রিয়ায় নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights