ছিনতাইকারির কোপে জাবি ছাত্র জখম, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তায় বেঞ্চ ফেলে আরিচাগামী লেন অবরোধ করে রাখে। প্রায় দেড়ঘণ্টার মতো চলে এ অবরোধ কর্মসূচি। এসময় সড়কটির আরিচাগামী লেনের যান চলাচল বন্ধ ছিল। ফলে সাভারে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে ক্যাম্পাসে আসছিলেন। সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে মুখবাধা অবস্থায় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ রিকশার গতি রোধ করে। এসময় চাপাতি দিয়ে কোপ দিলে জাবালির ডান হাতের পাঁচটি আঙ্গুল কেটে যায়। এসময়, তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত শান্ত জাবালি বলেন, ‘সন্ধ্যায় আমি আমার বান্ধবীসহ ক্যাম্পাসে আসছিলাম। এসময় মুখবাধা তিনজন রিকশার গতি রোধ করে আমাকে কোপ দেয়। পরে আমার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।’

এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীরা এখন অবরোধ তুলে নিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দুটি চেকপোস্ট বসাবো। কালকে থেকে পুলিশ সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাস্তায় টহল দিবে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আমি গ্রেফতার করবো। আর ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আশুলিয়া থানা পুলিশ হাইওয়েতে নিরাপত্তা জোরদারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। এছাড়া, ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights