জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শিক্ষার্থীদের ভূমিকা এবং এর চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অনন্য অধ্যায়। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মতোই এর গুরুত্ব রয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে আরও বেশি আলোচনা ও স্মরণমূলক কর্মসূচির প্রয়োজন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, জুলাই আন্দোলন কেবল ৩৬ দিনের নয়; এটি দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার ফল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়েই স্বৈরাচারী শক্তির পতন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দীন বাসিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ ছাত্রদল, ছাত্র অধিকার, ছাত্রশক্তি ও জকসুর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights