জঙ্গলে মিলল মাথার খুলি-হাড়, পাশেই পড়ে ছিল ব্যাগ, ওষুধ ও লুঙ্গি

বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের হাতির ডেরা এলাকায় ‘আকাশমনি বন বাগান’-এর নির্জন পরিবেশ থেকে উদ্ধার করা মাথার খুলি ও হাড় ছাড়াও একটি ব্যাগ, কিছু ওষুধ, একটি লুঙ্গি এবং একটি চাদর পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, মঙ্গলবার বিকেলে ডিভাইন রাবার গার্ডেনের শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে মাথার খুলি দেখতে পেয়ে নাইক্ষ্যংছড়ি থানায় খবর দেন। খবর পেয়ে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলাট্য চাকমার নেতৃত্বে পুলিশের একদল সেখানে গিয়ে এসব আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাথার খুলি উদ্ধার অভিযানের সময় বাইশারী ও আলীক্ষ্যং এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ওসি মোজাম্মেল হক জানান, মাথার খুলিটি কার বা কখন তার মৃত্যু ঘটেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধার হওয়া আলামত ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বাইশারী বাজার থেকে ৩০-৩৫ কিলোমিটার দূরে ২৮০ নম্বর আলীক্ষ্যং মৌজায় এলাকাটি অবস্থিত। সেখানে অনেকেই বন বাগান করে রাখলেও সেখানে লোকজনের খুব একটা যাতায়াত নেই। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ডাকাতদল ও সন্ত্রাসীরা সেখানে প্রায় অস্থায়ী আস্তানা গড়ে তোলে।

সূত্রটি জানায়, চাঁদা আদায়ের জন্য কাউকে জিম্মি করা হলে সন্ত্রাসীরা তাদেরকে আলীক্ষ্যং এলাকাতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ আদায়ের জন্য আটকে রাখা কোনো ব্যক্তিকে নির্যাতন করতে করতে তার মৃত্যু ঘটে।

পুলিশ বলছে, মাথার খুলির পাশে পাওয়া ব্যাগের কাপড়-চোপড় এবং ওষুধের ওপর ভিত্তি করে আসামি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights