জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব : আমিনুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। খাল পরিষ্কার চলবেই। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।

সোমবার দুপুরে রাজধানীর পল্লবী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় প্যারিস রোডের পার্শ্ববর্তী খাল পরিষ্কার কর্মসূচিতে এসব কথা বলেন আমিনুল হক।

এ সময় আমিনুল বলেন, একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাব।

আমিনুল হক আরও বলেন, কে কাজ করলো আর কে করলো না সেটা আমি দেখব না। আমি দেখব আমি নিজে কাজ করছি কিনা, আমার কাজ কতটা আপ-টু-দ্য-মার্ক হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তিতে থাকতে পারব।

স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।

খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights