জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকরী ভূমিকা রাখবে : স্পিকার

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

রবিবার সংসদের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে। কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের খুবই ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ-পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত-বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করেন।

স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights