জনগণের সম্মতি নিয়ে নির্বাচন করতে হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা একটা জাতীয় সংকট মুহূর্তে আছি। জনগণের সম্মতি নিয়ে নির্বাচন করতে হবে।’ গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের আকাক্সক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদি মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের পরও আমরা দেখছি ক্ষমতা ব্যবহার করে নানানজন দখল আর ধনসম্পদ আহরণ করছে। সরকার এখনো আইনশৃঙ্খলাসহ দেশের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারেনি। যার কারণে মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড ঘটে। তারপর গোপালগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশে ওইভাবে হামলা হয়, চারজন নিহত হয়। বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটি আমাদের মোকাবিলা করতে হবে। সেটি করতে হলে জুলাইয়ের আকাক্সক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আবদুল আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights