জন্মদিনেই ‘মৃত্যুর’ গুজব ছড়াল হলিউড তারকার

অনলাইন ডেস্ক

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা অ্যারন পলের ৪৭তম জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর গুজব। গত ২৭ আগস্ট তার জন্মদিন উপলক্ষে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপ্রত্যাশিত বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে এমন বিভ্রান্তিকর উপস্থাপন দেখা যায়, যা দেখে অনেকেই ধরে নেন অ্যারন পল আর বেঁচে নেই।

তবে অভিনেতার হঠাৎ মৃত্যুর খবরের কোনো সত্যতা মেলেনি। অ্যারন পল সম্পূর্ণ সুস্থ আছেন এবং সম্প্রতিই নিজের ৪৭তম জন্মদিনের মুহূর্তটি উদযাপন করেছেন।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি শুভেচ্ছাবার্তার নকশা ও উপস্থাপন অনেকটা কোনো তারকার মৃত্যুর পর প্রকাশ করা শোকবার্তার মতো ছিল। এসব পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ার পরই বিভ্রান্তি তৈরি হয়। কেউ কেউ পোস্টগুলোর প্রকৃত অর্থ যাচাই না করেই অভিনেতার মৃত্যুর খবর হিসেবে ধরে নেন।

‘ব্রেকিং ব্যাড’ ধারাবাহিকে জেসি পিঙ্কম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান অ্যারন পল। তাঁর অভিনীত এই চরিত্রটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, পরবর্তী সময়ে তাঁর ক্যারিয়ারের অন্যতম পরিচয় হয়ে দাঁড়ায় জেসি পিঙ্কম্যান।

সাম্প্রতিক সময়ে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নীরব ছিলেন এই অভিনেতা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশিত হয়। তখন অনুসারীদের উদ্দেশে অ্যারন পল জানিয়েছিলেন, ‘আপাতত বিদায় আমার বন্ধুরা। আমার একঘেয়েমি কমিয়ে আরও অনুপ্রাণিত হওয়া দরকার। আমি ফোন দূরে সরিয়ে রেখে সেটাই করতে যাচ্ছি। সবার জন্য ভালোবাসা।’

দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার তেমন সক্রিয়তা না থাকাও হয়তো মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়। তবে তার মৃত্যুর বিষয়ে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন। জন্মদিনের দিনই গুজবের কেন্দ্রে চলে আসা এই হলিউড তারকা বর্তমানে সুস্থ ও জীবিত আছেন।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights