জন্ম নিবন্ধন সম্পন্ন, পাসপোর্টের অপেক্ষায় সামিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের নিয়ে জোর আলোচনা চলছে। হামজা চৌধুরির পর এবার আলোচনায় উঠে এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার বাংলাদেশি নাগরিকত্ব প্রক্রিয়াও এগিয়ে গেছে এক ধাপ—সম্পন্ন হয়েছে জন্ম নিবন্ধন। এখন অপেক্ষা শুধু পাসপোর্টের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ‘আমরা আজ সামিতের জন্ম নিবন্ধনের সনদ হাতে পেয়েছি এবং তাকে তা জানিয়ে দিয়েছি। তিনি যেদিন বাংলাদেশ হাই কমিশনে (কানাডা) যেতে পারবেন, আমাদের জানাবেন। এরপর আমরা হাই কমিশনকে অবহিত করব।’

তবে সামিতের জন্য প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে, কারণ তিনি বাংলাদেশ হাই কমিশন যে শহরে অবস্থিত, তার থেকে অনেক দূরে বসবাস করেন। ফলে সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি নিতে হবে। বিষয়টি সামিত নিজেই সামলে বাফুফেকে জানাবেন।

পাসপোর্ট আবেদনের সময় শুধু সামিতের জন্ম নিবন্ধনই নয়, তার বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিতে হবে বলে জানিয়েছে বাফুফে।

এর আগে কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন। সামিত সোম সেই পথেই এগিয়ে যাচ্ছেন, যা ভবিষ্যতে জাতীয় দলের জন্য একটি বড় শক্তি হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights