জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে

‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)।
‎
‎সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হবে। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রতিযোগিতার জন্য নিবন্ধনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর।
‎
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবিকতা ও প্রগতির বার্তা পৌঁছানো, দেশপ্রেম জাগানো, উচ্চারণ ও শুদ্ধপাঠে আগ্রহ তৈরি, ভাষাগত সচেতনতা বৃদ্ধি, সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতিক বন্ধন তৈরি এবং তরুণ কণ্ঠকে জাতীয় পর্যায়ে তুলে ধরা—এই সাতটি লক্ষ্য সামনে রেখে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
‎
জবি আবৃত্তি সংসদের ‎সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন বলেন, “জবিআস এখন ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছর আমরা বরেণ্য আবৃত্তিশিল্পীদের নিয়ে উৎসব আয়োজন করি। আমাদের প্রতিটি আয়োজন ইতিবাচক সাড়া ফেলে।”

সাধারণ সম্পাদক শিউলী আক্তার বলেন, “দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা যোগাবে।”
‎
‎উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights