জবিতে চতুর্দশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা দক্ষিণ অঞ্চলের চতুর্দশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণিত বিভাগের আয়োজনে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সরোয়ার আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।
প্রতিযোগিতার শুরুতে বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অলিম্পিয়াড উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান। এরপর ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে শেষ হয়।

এবারের গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছেন ২২টি বিভাগের ১০৯ জন শিক্ষার্থী। অলিম্পিয়াডে দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা দক্ষিণের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিকালে সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতা থেকে ১০জন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হন। তারা হলেন বুয়েটের অনিন্দ্য বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিক সাবিহা তাসনিম, বুয়েটের আশরাফুল ইসলাম ফাহিম, আবরার তানভির ত্বকি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সালিম সাদমান সালভি, ঢাবির আলভি রয়, বুয়েটের তাহজিব হোসাইন খান, জবির উৎপল বরাই, বুয়েটের ফুয়াদ আল আলম এবং সাবন্নি সিকদার রুমা।

বিজয়ীরা পরবর্তীতে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights