জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

‎
‎রাকিব মাজহার, জবি প্রতিনিধি
‎
‎টিউশনি করতে এসে ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডে একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান।
‎
‎সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
‎
‎উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিন পতাকা অর্ধনমিত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন।”
‎
‎তিনি আরও বলেন, “আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের যে আয়োজন ছিল, তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। ২১ ও ২২ অক্টোবর সব বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।”
‎
‎রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়।
‎
‎জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
‎
‎বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও সহপাঠীরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
‎
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights