জবিতে মারধর-শ্লীলতাহানির পাল্টাপাল্টি অভিযোগে তদন্ত কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাধারণ শিক্ষার্থীকে মারধর ও ছাত্রী হেনস্তার পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আসায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল।

প্রক্টর মোস্তফা কামাল বলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মোহাম্মদ শফিকুল ইসলাকে আহবায়ক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের উপাচার্য দ্রুততম সময়ের ভিতর তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন কমিটিকে।
এর আগে গত (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে গিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ দাশ।

সৌরভ দাশ অভিযোগ পত্রে জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ১৫-২০ মিলে দফায় দফায় মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেল সেন্টারে সেবা নিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে মারধর করেন তারা।

ওই একই ঘটনার জেরে, সৌরভ দাশের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অসদাচরণের অভিযোগ এনে প্রক্টর বরাবর অভিযোগ জমা দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিরা মাহমুদ মিথি এবং দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিসাত আরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights