জবি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে প্রতিবাদী দেওয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেওয়ালে এই প্রচারণামূলক দেওয়াল লিখন কর্মসূচি চালানো হয়।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখতেই তাদের এই উদ্যোগ। দেওয়াল লিখনগুলোতে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’ ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশির লেজ কাটা’ এ জাতীয় বিভিন্ন স্লোগান দেখা গেছে।

কর্মসূচি নিয়ে জবি ছাত্রদলের নেতারা বলেন, আমরা ক্যাম্পাসে কোনো ধরনের গোপন রাজনীতি সমর্থন করি না। শিক্ষার্থীদের প্রকাশ্য ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই আমাদের এই অবস্থান। যারা গোপনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই সচেতনতামূলক প্রতিবাদ।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, গুপ্ত থেকে যেই অপরাজনীতি করছে পরবর্তীতে তার দায়ভার গ্রহণ করে না। স্পষ্ট রাজনীতি চাই।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, যারা গুপ্ত রাজনীতি করে, তাদের গুপ্ত বললেই জ্বলে। এটা দ্বৈত আচরণ, এই দ্বৈত রাজনীতি নিয়ে ক্যাম্পাস রাজনীতিতে থাকতে পারবেন না। আমরা স্পষ্ট অবস্থান চাই।

এসময় জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights