জমকালো আয়োজনে পর্দা নামলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬

জবি প্রতিনিধি

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ বছরের ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬-এর সমাপ্তি হয়েছে। শনিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আয়োজক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

এবারের অলিম্পিয়াডে ৮৪টি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের প্রায় ১,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা থেকে সেরা ৯৯ জনকে বাছাই করে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বি গ্রুপের দ্বিতীয় রানার-আপ সুস্মিতা দাস নিজের অনুভূতি প্রকাশ করে এবং সকল পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমবার কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করা। আমি আশা করি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বেশি হবে, যাতে আমরা শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাই এবং নিজেদের সেরাটা নিয়ে আসতে পারি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব রেজাইনা কানাডার জাস্টিস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুল্লাহ। তিনি বলেন, “জ্ঞান ও বিজ্ঞানের এই প্রতিযোগিতামূলক সময়ে শুধু অংশগ্রহণ নয়, সেরাটা অর্জনেরও চেষ্টা করতে হবে। এজন্য নতুন নতুন ধারণা সৃষ্টি এবং নিয়মিত চর্চার বিকল্প নেই। একই সঙ্গে আমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”

ক্লারিয়ন কলের সম্পাদক কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন, পিএসসি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের আরও যত্ন, উৎসাহ ও সহযোগিতা দিতে হবে। তাদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের জন্য গর্ব বয়ে আনবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্সব্রিজ স্কুলের প্রিন্সিপাল উসমান গণী আজম খান, ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক মো. নিয়ামত উল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights