জয়পুরহাটে গৃহবধূর লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কানিজ রাবেয়া (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে পৌর শহরের হারাইল মুসলিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) ইশতিয়াক আলম।

নিহত কানিজ রায়েবা বরিশালের বকরমপ্রতাব গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। আর তার স্বামীর নাম সফিউল ইসলাম। সফিউল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সফিউল ।

অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম জানান, সফিউল ইসলাম জয়পুরহাটে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। চলতি বছরের এপ্রিল মাসে জয়পুরহাট শহরের হারাইল মুসলিমনগর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করতেন। দাম্পত্য কলহের জেড়ে প্রায় ঝগড়া হতো। গতরাতে তারা দুজনেই তাদের ভাড়া বাসায় ছিলেন। আজ প্রতিবেশিরা তাদের ঘরে কানিজ রাবেয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেসময় বাড়িতে তার স্বামী ছিলেন না। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights