জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ বালক পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি উপজেলা দল ট্রাইব্রেকারে ৫-৪ গোলে ক্ষেতলাল উপজেলা দলকে হারায়। খেলায় হার-জিত থাকলেও জেলা পর্যায়ের এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি খেলোয়াড়রা। আয়োজকরা বলছেন, জেলা পর্যায় থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের করতেই এমন আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
৫টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি বিকেলে একই মাঠে।
