জয়পুরহাটে টাস্কফোর্সের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং টাস্কফোর্স। এ সময় যথাযথভাবে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেলে শহরের মাছুয়া বাজারে রেলগেট ফলের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।

অভিযানের উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেন মানুষের ক্রয়সীমার ভেতরে থাকে, সেই জন্য বর্তমান সরকার প্রতিটি জেলায় বাজার মনিটরিং টাস্কফোর্স গঠন করে দিয়েছে। সেই টাস্কফোর্সের কার্যক্রম হিসেবে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় প্রতিদিনের মতো আজও আমরা বাজারে এসেছি।

তিনি বলেন, অভিযানে দোকানে নিত্যপণ্যের বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এসব দেখা হচ্ছে। সবজি, চাল, মাছ, ডিম, মুরগি ও মাংস বাজার তদারকি করার পাশাপাশি পণ্যের মূল্যতালিকা টানানোসহ ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজান উপলক্ষ্যে কিছু অসাধু ব্যবসায়ী জেলার বিভিন্ন বাজারে বেশি মূল্যে পণ্য বিক্রি করে আসছেন। বিষয়টিকে সামনে রেখে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আব্দুস সালাম, শিক্ষার্থী প্রতিনিধি হাসিবুল ও মোবাশ্বের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights