জয়পুরহাটে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে
প্রেমিক যুগল। ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে নিজ নিজ বাড়িতে তারা বিষপান করেন। এঘটনায় প্রেমিক মারা গেলেও বেঁচে আছেন প্রেমিকা।

সোমবার (৮ এপ্রিল) ভোর রাতে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ মারা যান। বেঁচে আছেন প্রেমিকা তাজমিন আক্তার।

নিহত মুরাদ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে এবং তাজমিন একই গ্রামের তোজামের মেয়ে। মুরাদ এবার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর তাজমিন বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের পরিবার তাকে মালেশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা। এরপর তাই দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা দুজনেই বাড়ি ফিরেন।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। আর তাজমিন আক্তার সুস্থ আছে। এ ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights